সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বেপরোয়া গতি ও ওভারটেকিং প্রবণতার জেরে ঘটা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে উপজেলার কাশিকাপন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি রেজাউল করিম জানান, বেপরোয়া গতি এবং ওভারটেকিংয়ের অসুস্থ প্রতিযোগিতাই এই প্রাণহানির মূল কারণ। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই মারা যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিহতদের মধ্যে ৩ বছরের শিশু ফাইজা এবং ২২ বছর বয়সী তিতন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন—কিশোরগঞ্জের ঢুলিয়ারপারের লক্ষীপুর গ্রামের হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানিঘাটের প্রীতম দাশ (২২)।
মহাসড়কে এই ধরনের বেপরোয়া গাড়ি চালানো রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও নিহতদের স্বজনেরা।
Developed By Radwan Web Service