আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আসরে পদক জয়ের লক্ষ্যে ৫ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দেশের জেলা স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন এবং দখল হওয়া মাঠ উদ্ধারে নির্দেশ দেওয়া হয়েছে।
পরে তিনি প্রস্তাবিত শ্রীমঙ্গল মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন। অনুষ্ঠানে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু এবং বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফু উপস্থিত ছিলেন।
Developed By Radwan Web Service