
পর্যটনসমৃদ্ধ চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শরৎ মানেই এক অন্যরকম স্নিগ্ধতা। নীল আকাশ আর তুলার মতো ভেসে বেড়ানো সাদা মেঘের সাথে প্রকৃতির ক্যানভাসে এখন নতুন রূপ যোগ করেছে পাহাড়ি ছড়ার পাড়ে ফোটা শ্বেতশুভ্র কাশফুল। উপজেলার ভুরভুরিয়া ছড়ার দুই ধারজুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবন এখন সেজেছে শরতের সাদা পোশাকে।
রূপসী বাংলার এই জনপদে শরৎ এলেই যান্ত্রিক ব্যস্ততা ভুলে মানুষ প্রকৃতির কাছাকাছি ছুটে যায়। শহরের ভানুগাছ সড়ক সংলগ্ন বেলতলী ও এর আশপাশের এলাকায় সবুজ চা-বাগানের বুক চিরে বয়ে চলা ভুরভুরিয়া ছড়ার কোল ঘেঁষে জেগে ওঠা বালুচর এখন ঢেকে গেছে সাদা কাশফুলের চাদরে। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাতাসে দোল খাওয়া এই কাশফুলের নয়নাভিরাম দৃশ্য বিমোহিত করছে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের।
কেউ কাশবনের ভেতর হারিয়ে যাচ্ছেন, কেউ বা ক্যামেরাবন্দী করছেন শরতের এই রূপ।
দিগন্তজোড়া কাশফুলের বাতাসে দোল খাওয়ার এই দৃশ্য চোখ ও মন জুড়িয়ে দেয়।
আরো সংবাদ পড়ুন...