মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী রাসোৎসব উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাসোৎসবের স্থায়ী প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাড. চাঁদমুরারী সিংহ স্বপনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনাব প্রতাপ চন্দ্র সিংহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ সিংহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশ।
আলোচনা সভায় অতিথিরা মণিপুরী জনগোষ্ঠীর সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও রাসলীলার তাৎপর্য তুলে ধরেন এবং এই ঐতিহ্য সংরক্ষণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আগত সকল অতিথিকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে মণিপুরী সমাজের ৩ জন বিশিষ্ট গুণী ব্যক্তিকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক ও ভক্তবৃন্দ।
Developed By Radwan Web Service