শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮,০০০ ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনের ৫টি মেশিন এবং প্রায় ১,০০০ ফুট পাইপ পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী জব্দকৃত বালু, এক্সক্যাভেটর ও মেশিনসমূহ স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয় এবং জনস্বার্থে স্থানীয় জনতা প্রায় ১,০০০ ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও নষ্ট করেন। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলাম বা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
Developed By Radwan Web Service