• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মূল রাস্তায় বাজার ও যানজটে চরম জনদুর্ভোগ সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২২ জুলাই ২০২৬ কমলগঞ্জে ইষ্ট ওয়েষ্ট সীড এর ‘গুলফাম’ টমেটোর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত ভৈরবগঞ্জ বাজার উপ-শাখায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও পিওএস মেশিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনালের ১০ শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজার অনলাইন প্রসক্লাব কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ১১ জনের পাশে জেলা প্রশাসন

শ্রীমঙ্গলে মূল রাস্তায় বাজার ও যানজটে চরম জনদুর্ভোগ

Reporter Name / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজার মূল রাস্তা দখল করে যত্রতত্র মাছ ও সবজির বাজার বসানোর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার কঠোর নির্দেশনা দেওয়া হলেও তা তোয়াক্কা না করেই চলছে অবৈধ এই কেনাবেচা। ফলশ্রুতিতে প্রতিদিন তীব্র যানজট ও জনদুর্ভোগ লেগেই থাকছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে মূল রাস্তার প্রায় অর্ধেক অংশজুড়ে এখন মাছ কেনাবেচা হয়। এছাড়া সড়কের দুই পাশ দখল করে বসেন সবজি বিক্রেতারা। এর ওপর যোগ হয়েছে যত্রতত্র টমটম ও রিক্সা পার্কিংয়ের উপদ্রব। রাস্তার পাশেই স্থায়ী বা অস্থায়ীভাবে যানবাহনগুলো সারাক্ষণ দাঁড়িয়ে থাকায় পুরো সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। মূল রাস্তার ওপর এসব কাঁচাবাজার ও যানজটের কারণে  সর্বস্তরের মানুষকে চরম বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি খোলাবাজারের বর্জ্য ও ময়লা-আবর্জনায় চারপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সঠিক কোনো পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় সচেতন মহল।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান জনস্বার্থে শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার এলাকার মাছ বাজার, সবজি বাজার ও চাল বাজার সশরীরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কড়া নির্দেশনা দেন। একই সঙ্গে বাজার এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এ সময় খোলাবাজারের ব্যবসায়ীদের একটি হালনাগাদ তালিকা দ্রুত পৌর প্রশাসকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। পরিদর্শনকালে পৌর প্রশাসক সাফ জানিয়ে দেন, “জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে অবৈধভাবে রাস্তা দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি জানান।
বাজার পরিদর্শনের সময় পৌর প্রশাসকের সঙ্গে শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তবে প্রশাসনের এমন স্পষ্ট নির্দেশনা ও হুশিয়ারির পরও ব্যবসায়ীদের একাংশ তা আমলে না নিয়ে পূর্বের মতোই রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। শহরের নতুন বাজারে এই অবরুদ্ধ দশা থেকে স্থায়ী মুক্তি পেতে দ্রুত সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন শ্রীমঙ্গলবাসী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service