প্রকৃতির অবিরাম মায়াজালে ঘেরা পর্যটন উপজেলা মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’। “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে প্রকৃতির চিরসবুজ কোল কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে এই বিশ্ব পর্যটন দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম।

“ট্যুরিজম কমলগঞ্জ”-এর উদ্যোগে এবং বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রাটি লাউয়াছড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর আহ্বায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস। আলোচনা সভা শেষে মনোজ্ঞ মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও ট্যুরিস্ট পুলিশ সাংবাদিক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Developed By Radwan Web Service