সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে মৌলভীবাজারের ঐতিহাসিক শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শনিবার (০১ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী স্টেশনটির সার্বিক কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
স্টেশন পরিদর্শন শেষে ট্রেনটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময় যাত্রা বিরতি নেয়। এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া, ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত রেলপথের বিভিন্ন স্টেশন ও রেললাইনের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করছেন মন্ত্রী।
Developed By Radwan Web Service