বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের সাহিত্য ও সংস্কৃতির প্ল্যাটফর্ম ‘পাঙাল সাহিত্য সংসদ’-এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে আদমপুর বাজারস্থ তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।
অনুষ্ঠানে সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, বিশিষ্ট লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ এবং ভারতের আসামের ‘নাহারোল রাইটার্স ফোরাম’-এর সভাপতি তাহির সাজবমকে বিশেষ সম্মাননা ও উত্তরীয় প্রদান করা হয়।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন পাঙাল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও কবি রওশন আরা বাঁশী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গুণীজনদের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সংবর্ধিত গুণীজনদের জীবনী পাঠের পাশাপাশি স্মারক সংকলন ‘খোন্থোক’, কবি সাজ্জাদুল হক স্বপনের প্রবন্ধগ্রন্থ ‘পাঙাল নারী’ এবং কবি রওশন আরা বাঁশীর কাব্যগ্রন্থ ‘শূন্যতারও ফুল ফুটে’-এর মোড়ক উন্মোচন করেন।
বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. রাজমনি সিংহ, ত্রিপুরার বিশিষ্ট কবি ও লেখক এল. বীরমঙ্গল এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানে পাঙাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কবি-সাহিত্যিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে এক নান্দনিক সাহিত্য আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Developed By Radwan Web Service