মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে নারী উদ্যোক্তা মেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।
পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে তারা মেলায় প্রবেশ করে নিজেদের সেনাসদস্য পরিচয় দেয়। এ সময় তারা ওয়াকিটকি, ভুয়া আইডি কার্ড ও মোবাইলে সেনাবাহিনীর পোশাকের ছবি দেখিয়ে স্টল মালিকদের কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে হেনস্তার হুমকি দেয়। ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়।
মৌলভীবাজার সদর থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, আসামিদের কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের মতো প্যান্ট ও টি-শার্ট এবং তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
Developed By Radwan Web Service