মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বাণী বালা সিংহ এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক কমলকুঁড়ি’ পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি রানী সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা কোমলমতি শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান উন্নয়নের পাশাপাশি তাদের মানবিক ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সহকারী শিক্ষিকা বাণী বালা সিনহা সম্প্রতি সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ কৃতিত্বপূর্ণ অর্জনে অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক কাজে তাঁর এমন উদ্যোগের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।
Developed By Radwan Web Service