• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬ কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উদযাপিত কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনিছুর রহমান সভাপতি ও সালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত মায়ের ভাষার টানে শেকড়ের ঠিকানায়: কমলগঞ্জে পালিত হলো মনিপুরী ভাষা দিবস শ্রীমঙ্গলে দিগন্তজোড়া কাশফুলের বাতাসে চোখ ও মন জুড়িয়ে দেয়

কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জে টমটম গাড়ি থেকে ছিটকে পড়া বসার সিট তুলতে গিয়ে ধলাই নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন পিতু এরিক (৪২) নামের এক ব্যাটারিচালিত টমটম চালক। ঘটনার পর থেকেই পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পৌরসভাধীন দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী আনতে ওই এলাকায় যান চালক পিতু। সেখানে নদীর বাঁধে টমটম ঘোরানোর সময় অসাবধানতাবশত গাড়িটি পেছনের দিকে গড়িয়ে সরাসরি ধলাই নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত গাড়ি থেকে দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন চালক পিতু। কিন্তু মুহূর্তের মধ্যে নদীর পানিতে টমটমের বসার সিটটি ভেসে যেতে দেখে আবেগের বশে সেটি তুলতে নদীতে ঝাঁপ দেন তিনি। সাঁতার না জানা পিতুকে চোখের পলকে পানিতে তলিয়ে যেতে দেখে স্কুলছাত্র আশরাফুল তাকে বাঁচানোর চেষ্টা করলেও তীব্র স্রোতের টানে তিনি তলিয়ে যান।
নিখোঁজ পিতু এরিক কমলগঞ্জ সদর ইউনিয়নের বটতল গ্রামের টমাস এরিকের ছেলে।
ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন তার স্বজনরা। নিখোঁজ চালকের বড় ভাই বাপ্পি এরিক বলেন, ‘সকালে কর্মস্থলে যাওয়ার পর স্ত্রীর মাধ্যমে খবর পাই আমার ছোট ভাই ধলাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি।’
খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশি শুরু করেন। এদিকে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে সিলেটের আলমপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে; ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই উদ্ধার অভিযান শুরু হবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ চালককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service