
মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে আরও দূরগামী করতে এক অনুপ্রেরণাদায়ী আয়োজন সম্পন্ন হয়েছে। মণিপুরী কল্যাণ পরিষদের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য কমলগঞ্জ উপজেলার ৪৬ জন মেধাবী মণিপুরী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আড়াইটায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্স সংলগ্ন ঐতিহাসিক শ্রী শ্রী গোপীনাথ মন্দির প্রাঙ্গণে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রানা বাবু সিংহের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রনজিৎ সিংহ এবং পুরোহিত রথীন্দ্র ব্যানার্জি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল শ্যামল, সমাজকর্মী নওরেম জয় কুমার, নংমাইথেম অশোক কুমার সিংহ এবং হেইরল ফাউন্ডেশনের চেয়ারম্যান কন্থৌজম শিল্পী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা।
বক্তারা বলেন, মণিপুরী কল্যাণ পরিষদ দীর্ঘ দিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক টেকসই উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কেবল একটি অনুদান নয়, বরং এটি আগামী দিনের মেধাবীদের বড় কিছু হওয়ার স্বপ্ন দেখানোর এক শক্তিশালী চালিকাশক্তি। শিক্ষার কোনো বিকল্প নেই—এই বার্তাটিই আজ কমলগঞ্জের প্রতিটি মণিপুরী পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো।
আয়োজকদের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন
আরো সংবাদ পড়ুন...