প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৪:০৩ পি.এম
আট বছরের অপেক্ষার অবসান: সবুজের সমারোহে আজ চা শ্রমিকদের ‘মহা-উৎসব’ ভোট

সবুজ চা বাগানের আঁকাবাঁকা মেঠোপথে আজ কেবল পাতা তোলার ব্যস্ততা নয়, বইছে গণতন্ত্রের এক নতুন সুবাতাস। দীর্ঘ আট বছরের প্রতীক্ষা আর বন্ধ্যাত্ব কাটিয়ে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই দেশের পাঁচ জেলার চা জনপদে শুরু হয়েছে ভোটের আমেজ।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি এই পাঁচ জেলার সাতটি ভ্যালি ও ২৩০টি পঞ্চায়েত পরিষদে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নিজের পছন্দের নেতা নির্বাচনে আজ ব্যালটের মাধ্যমে অধিকার প্রয়োগ করবেন প্রায় ১ লাখ ২৯ হাজার চা শ্রমিক।
দীর্ঘদিন পর ভোটের সুযোগ পেয়ে সাধারণ শ্রমিকদের চোখেমুখে এখন আনন্দের ঝিলিক। বাগানের বয়স্ক শ্রমিক থেকে শুরু করে তরুণ ভোটার—সবার মধ্যেই বিরাজ করছে এক অন্যরকম উদ্দীপনা। শ্রমিকদের কাছে এটি কেবল একটি নির্বাচন নয়, বরং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের ও সুখ-দুঃখের কথা বলার প্রতিনিধি বেছে নেওয়ার এক মহা-উৎসব।
নির্বাচনে কেন্দ্রীয় পরিষদের সভাপতি পদে দুটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে মৌলভীবাজার থেকে পঙ্কজ কন্দ এবং সিলেট থেকে রাজু গোয়ালা নিজ নিজ প্যানেল নিয়ে লড়ছেন।
সাধারণ সম্পাদক পদে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হবিগঞ্জের নিপেন পাল, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পরেশ কালিন্দী এবং হবিগঞ্জের মুখেশ কর্মকার।
এছাড়া সারা দেশে ভ্যালি পর্যায়ের নেতৃত্ব ও পঞ্চায়েত পরিষদের প্রতিনিধি নির্বাচনেও চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
দেশের চা শিল্পের প্রাণকেন্দ্র মৌলভীবাজার জেলায় নির্বাচনের আমেজ সবচেয়ে বেশি। সাতটি ভ্যালির মধ্যে চারটিই অবস্থিত এই জেলায়। ৯২টি চা বাগান বেষ্টিত মৌলভীবাজারে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্যানেলের পাশাপাশি ভ্যালি কার্যকরী পরিষদের ৯টি এবং পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদের ৩৫৭টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ মামুনুর রশিদ জানান, ইতিমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে গেছে। শুক্রবার বিকেল থেকেই শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাচন কমিশনার নূরে আলম সিদ্দিকী শ্রীমঙ্গলের লেবার হাউজে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সবুজ পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা ঘাম আর শ্রমের মর্যাদা রক্ষায় আজকের এই ভোট চা শ্রমিকদের জীবনে নতুন ভোরের বার্তা নিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা সবার।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি