মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জনকল্যাণ কেন্দ্র (জেকেকে)-এর আয়োজনে এবং ডিনেটের সহযোগিতায় ‘নাগরিক সমন্বয় প্রকল্প’-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী-পুরুষ, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশ নেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। এছাড়া সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার মিস ক্যাথরিনা কোনিগ সভায় বক্তব্য রাখেন।
শ্রাবনী সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনকল্যাণ কেন্দ্র এর নির্বাহী পরিচালক নীলমনি সিনহাসহ আরো অনেকে।
সভায় বক্তারা কমলগঞ্জ উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রাস্তাঘাট, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তনয় জানান, নাগরিক সমন্বয় প্রকল্পের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগণকে, বিশেষ করে নারী, তরুণ-যুবা ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে স্থানীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা। প্রান্তিক মানুষের অধিকার রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের সভার গুরুত্ব অপরিসীম বলে বক্তারা মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি