“দৌড়াও সুস্বাস্থ্যর জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে চাতলাপুর বর্ডার পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথন প্রতিযোগিতা। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সবুজ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই মেগা ইভেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দেশজুড়ে ছড়িয়ে থাকা দৌড়বিদদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

'টিম শমশেরনগর (বিডি)’-এর উদ্যোগে এবং ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড’-এর পৃষ্ঠপোষকতায় ও ‘গিগাবাইট’-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬ শতাধিক দৌড়বিদ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৫টায় ২৫ কিমি ও ৫০ কিমি এবং সকাল ৫টা ৫০ মিনিটে ১০ কিমি দৌড় শুরু হয়। চা বাগানের সবুজ পাতার বুক চিরে, স্নিগ্ধ সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দৌড়বিদরা চাতলাপুর বর্ডার পর্যন্ত এই চ্যালেঞ্জিং পথ পাড়ি দেন।

প্রতিযোগিতা শেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিজয়ীরা হলেন
৫০ কিমি (পুরুষ বিভাগ): চ্যাম্পিয়ন হয়েছেন মইনুল ইসলাম। ২৫ কিমি (পুরুষ বিভাগ): চ্যাম্পিয়ন হয়েছেন মো. সাইফুল ইসলাম ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পারভিন। ১০ কিমি (পুরুষ বিভাগ): চ্যাম্পিয়ন হয়েছেন শুভ্র যাদব ও নারী চ্যাম্পিয়ন হয়েছেন মোহসেনা রহমান।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

শুরুতে ম্যারাথনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির রেস কো-অর্ডিনেটর আব্দুল বাসিত, রেস ডাইরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী, ইভেন্ট ম্যানেজার আহমদুর রহমান খোকন এবং কো-রেস ডিরেক্টর আবু সাঈদ মোহাম্মদ রাহী প্রমুখ।
চা বাগান ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে এমন স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব আয়োজন মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী দিনে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি