
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দাশ এবং পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপন করেন শ্রাবনী সিনহা।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, যুবদল সভাপতি মাহবুবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈদ আশিক চিশতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এড্রকো মন্ডল, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, উদ্যোক্তা সোবান চৌধুরী ও সোহেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবদের স্বাবলম্বী করে তুলতে যুব ঋণ, বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ঋণ, প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের মাঝে রেজিস্ট্রেশন সনদ এবং অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তা ও যুবদের মাঝে যুব পুরষ্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও বেকারত্ব দূরীকরণে সরকারের পাশাপাশি স্থানীয় যুব সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এনজিও সংস্থা ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি