
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) 'মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব' প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে ও জিয়ান মাদ্রাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, সাংবাদিক পিন্টু দেবনাথ, এনজিও প্রতিনিধি এম এ হামিদ, রাজঘাট ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, নাগরিক উদ্যোগের সমন্বয়ক জয়নাল আবেদীন, কো-অর্ডিনেটর সায়েদ আহমেদ।

এসময় দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ অংশ নেন। আলোচনায় দলিত সম্প্রদায়ের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি নাগরিক পরিষেবায় তাদের সহজ অভিগম্যতা এবং সামাজিকভাবে বিদ্যমান বৈষম্য লাঘবের নানা দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের মূলধারার সেবা কাঠামোর আওতায় এনে দারিদ্র্য বিমোচনে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। সভায় দলিত প্রতিনিধিরা তাদের বিদ্যমান সমস্যা ও দাবিসমূহ উপজেলা প্রশাসনের নিকট উপস্থাপন করেন এবং কর্মকর্তারা সেসব বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি