প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:৪২ পি.এম
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এই আলোচিত চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি এবং আনোয়ার হোসেন। এদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। এছাড়া অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় চেরাগ মিয়ার বাসায় চাঁদার দাবিতে প্রবেশ করেন আসামিরা। এ সময় নিহতের বাবা-মাকে মারধরের প্রতিবাদ করলে কলেজছাত্র নাঈমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, এই রায় আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের পরিবার। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফনিলাল ধর জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি