মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়ি মাছে জেলি পুশ করার অপরাধে দুই মাছ বিক্রেতাকে এবং নানা অনিয়মের দায়ে এক বেকারিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
জানা যায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির সহায়তায় নতুন বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা চিংড়ি মাছে ক্ষতিকর জেলির উপস্থিতি শনাক্ত হওয়ায় দুই মাছ বিক্রেতাকে দুটি মামলায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সিন্দুরখান রোডস্থ ‘ভিআইপি বেকারি’তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম ধরা পড়ে, যার মধ্যে রয়েছে—খাদ্যপণ্যে নন-ফুডগ্রেড কালার ব্যবহার, পণ্যের গায়ে মেয়াদের লেবেল না থাকা, নকল ‘হরলিক্স’ বিস্কুট উৎপাদন, অগ্রিম উৎপাদনের তারিখ (পরবর্তী দিনের তারিখ) বসানো এবং অপরিষ্কার ট্রেতে খাদ্যপণ্য তৈরি। এছাড়া, বেকারিটির ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টিরই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি