মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা আর অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মনিপুরী ভাষা দিবস। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে যখন সুরের মূর্ছনা আর নাড়ির টানে সমবেত হয় মানুষ, তখন পুরো পরিবেশটি হয়ে ওঠে আবেগঘন ও উৎসবমুখর।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় ‘মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আয়োজিত এই দিনের সূচনায় সকাল ১০টায় ছিল কোমলমতি শিশুদের অংশগ্রহণে মনিপুরী লিপি প্রতিযোগিতা। এরপর বর্ণাঢ্য আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বেলা সাড়ে ১১টায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি, বাংলা একাডেমি ফেলো ও বিশিষ্ট গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে এবং শিক্ষক অয়েকপাম অঞ্জুর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভাটি এক ভাবগম্ভীর রূপ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) জনাব আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম। অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাষার উপাত্ত সংগ্রহ ও শেকড় সন্ধানের কাজ
অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল বিপন্ন ভাষা সংরক্ষণের মহৎ উদ্যোগ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে নিবিড় সাক্ষাৎকারের মাধ্যমে ভাষা উপাত্ত সংগ্রহ করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমটি মনিপুরী ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভাষার অধিকার ও সুরক্ষায় এমন আয়োজন কমলগঞ্জের মণিপুরী জনপদে ফিরিয়ে এনেছে এক নতুন প্রাণের স্পন্দন, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে মায়ের ভাষার প্রতি অমলিন ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি