
"আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন" এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। ৯ আগস্ট (শনিবার) সকালে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে শ্রীমঙ্গলের উকিলবাড়ী রোডস্থ কার্যালয় থেকে একটি রঙিন র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে চা জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ও ফেস্টুন-ব্যানার হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র্যালি শেষে আলোচনা সভা সংগঠনের সভাপতি শ্যামল কূর্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল বাড়াইক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন ঝাড়ু, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান সুদর্শন শীল, মাগুরছড়া পুঞ্জি মন্ত্রী জুডিশন প্রধান সুচিয়াং, খাসি কাউন্সিল এর সাধারণ সম্পাদক অনিল, সমাজসেবার সুপারভাইজার সুমন পাল।
এসময় উপস্থিত ছিলেন স্বপন সাওতাল, সবিতা গঞ্জু, গণেশ কড়া, সুমিত্রা মুন্ডা, সীমা মুন্ডা প্রমুখ।
বক্তারা চা শ্রমিক ও চা জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার সুরক্ষার জোরালো দাবি জানান। বক্তারা বলেন, শত বছর ধরে এই জনপদে বসবাস করলেও চা জনগোষ্ঠী আজও তাদের নায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। তাই নিজেদের অধিকার আদায়ে চা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চা বাগানের সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি