

"আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন" প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) আদিবাসী সাংস্কৃতিক কমিটি, বৃহত্তর সিলেটের আয়োজনে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় শ্রীমঙ্গলে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ও বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শত শত মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, ব্যানার ও ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশ নেন। র্যালিতে তাদের নিজস্ব সংস্কৃতির নানা পসরা ফুটিয়ে তোলা হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের নিজস্ব জীবনধারা, সংস্কৃতি এবং ঐতিহ্যগত জ্ঞান আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনমান সুরক্ষায় রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং তাদের ঐতিহ্যগত জ্ঞানের সঠিক মূল্যায়নের ওপরও জোর দেন বক্তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল— বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ কন্দ সমাজ, বাংলাদেশ মুন্ডা কল্যাণ পরিষদ, বাংলাদেশ কুর্মী সমাজ, বাংলাদেশ গঞ্জু সমাজসেবক ফোরাম, সাঁওতাল সমাজ কল্যাণ পরিষদ, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, কাপেং ফাউন্ডেশন ও শ্রীচুকসহ অন্যান্য সামাজিক সংগঠনসমূহ।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি